বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় শাহরুখ কন্যা সুহানা খান। আর সেই প্রথম ছবিটিই যখন বাবার সঙ্গে, তখন প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে নারাজ শাহরুখ খান। ‘কিং’ ছবির শুটিং এগোচ্ছে নিজের গতিতে, তারই মাঝে সুহানার অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁত করার দায়িত্ব নিয়েছেন নিজে বাদশা। শুটিং সেটের একাংশকে বিশেষ প্রশিক্ষণকেন্দ্রের রূপ দেওয়া হয়েছে, যেখানে প্রতিদিনই বাবার তত্ত্বাবধানেই চলছে সুহানার কঠোর অনুশীলন।
মঙ্গলবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ ও তাঁর দীর্ঘদিনের বন্ধু, পরিচালক-কোরিওগ্রাফার ফরাহ খান। সেখানেই সুহানা এবং ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে মুখ খোলেন ফরাহ। তিনি জানিয়েছেন, শাহরুখ কতটা নিষ্ঠার সঙ্গে মেয়েকে অ্যাকশনের খুঁটিনাটি শেখাচ্ছেন। ফরাহের কথায়, “শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে— দ্য ব্যাড্স অফ বলিউড। আর সুহানা ভীষণ পরিশ্রমী। ‘কিং’ ছবির জন্য ওকে নিজে হাতে ট্রেনিং দিচ্ছে শাহরুখ।”
ফরাহের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুষ্ঠানের মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, সন্তানদের প্রশংসা শুনে মৃদু হাসছেন শাহরুখ, মাথা নাড়িয়ে কথায় সমর্থনও জানাচ্ছেন তিনি।
২০২৩ সালে দ্য আর্চিস–এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন সুহানা। যদিও ছবিটি মুক্তি পায় ওটিটিতে। এবার বড়পর্দায় তাঁর প্রথম উপস্থিতি ‘কিং’–এর হাত ধরেই। সম্প্রতি শাহরুখের ৬০তম জন্মদিনে ছবিতে তাঁর লুক প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের উত্তেজনা আরও বেড়েছে।
শাহরুখের নির্দেশনায় সুহানার অ্যাকশন দৃশ্য কতটা উজ্জ্বল হবে, এখন সেই অপেক্ষায় বলিউড। বাবা-মেয়ের এই বিশেষ সহযোগিতা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল বাড়িয়েছে বহুগুণ।







