যতটা আয়তন তার তিনভাগের একভাগ নিয়েই হকারদের বসার নির্দেশ। বুধবার টাউন ভেন্ডিং কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন টাউন ভেন্ডিং কমিটির কো চেয়ারম্যান বিধায়ক দেবাশিস কুমার। এদিন টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান পুর কমিশনার বিনোদ কুমার, বিধায়ক দেবব্রত মজুমদার, হকার জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা।
কলকাতা শহরের প্রায় ৮০ শতাংশ ফুটপাথ হকার ও বেআইনি দখলদারদের কুক্ষিগত। দিনের পর দিন হকারদের অযাচিত জায়গা দখল সারা শহজুড়ে। ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে হকারদের অবৈধ অবস্থান। হোটেলের গেট দেখা যায়না। ফুটপাথ দিয়ে হাঁটা দায়। এরপর হকাররাজের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হোটেল কর্তৃপক্ষ। সম্প্রতি অবৈধ দখলদার এবং হকারদের সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে তাঁদের সরাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন বৈঠক শেষে দেবাশিস কুমার জানিয়েছেন, ফুটপাথের তিন ভাগের এক ভাগ নিয়ে বসতে পারবেন হকাররা। শুধু তাই নয়, যদি দেখা যায় যিনি ডালা নিয়েছিলেন তাঁর বর্তমানে কোনও অস্তিত্ব নেই। তার জায়গায় অন্য কেউ বসে আছে সেক্ষেত্রে তাকেও সড়ানো হবে গ্র্যান্ড হোটেল চত্বর থেকে।
এছাড়াও একজন ব্যাক্তির নামে হকার স্টল তা নিয়ে অন্য কাওকে ভাড়া খাটানোর অভিযোগ উঠে আসে বহুদিন যাবৎ। তার মীমাংসা করতে “টাউন ভেন্ডিং” শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। যাঁর নামে ভেন্ডিং সার্টিফিকেট রয়েছে শুধুমাত্র সেই হকারি করার অনুমতি পাবে। হকার জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, ফুটপাথের তিনভাগের একভাগ রেখে বাকিটা খালি করার নির্দেশ দেওয়া হয়। যাতে পুজোয় বেড়িয়ে পথচারীদের কোনরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়
এছাড়া এদিন হাই কোর্ট ভেন্ডিং জোন এবং নন ভেন্ডিং জোনের সম্পূর্ন তালিকা চেয়েছে পুরসভার কাছে। রেড রোড, উড স্ট্রিটের একাংশ, পার্ক স্ট্রিটের কিছুটা অংশে হকার বসেনা।।হাই কোর্টের কাছে সাত দিনের মধ্যে এই তালিকা তুলে দেবেন বলে জানান মেয়র পারিষদ দেবাশিস কুমার। সম্প্রতি বউবাজারে মেট্রোর কাজের জন্য বহু হকারকে নিজেদের ডালা গোটাতে হয়েছে। তা নিয়ে সমীক্ষায় নেমেছে একটি টিম। সেই টিমে রয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে, কলকাতা পুরসভার একজন সদস্য, হকার জয়েন্ট অ্যাকশন কমিটির অসিত সাহা, এবং দেবাশিস দাস। মেট্রোর কাজের জন্য যাঁদের রোজগার বন্ধ হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার দাবি জানানো হয়। হকারদের দৈনিক আয় অনুযায়ী অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। হকার নেতা অসিত সাহা বলেন, “২০১৪ হকার আইন অনুযায়ী এই ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমরা হাই কোর্টকে জানাব। কেএমআরসিএলকেও চিঠি দেব আমরা।”







