‘শিক্ষকরা ক্লাস না নিয়ে কাজের দিনে কীভাবে মিছিলে অংশ নেবেন,’ শিক্ষকদের মিছিল সংক্রান্ত এক মামলায় এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন দাবিতে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন উক্ত মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, ‘শিক্ষকরা ক্লাস না নিয়ে কাজের দিনে কী করে মিছিলে অংশ নেবেন?’
প্রশ্নের প্রেক্ষিতে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, ‘সরকারের কাছে দীর্ঘদিন আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদের।’
উল্লেখ্য, পূর্বেও রুট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। কোনও বিকল্প রুটে মিছিল হবে কিনা, সেই প্রসঙ্গে আসন্ন শুক্রবার সিদ্ধান্ত নেবে আদালত। রাজ্যের আবেদন, পুজোর আগে এমন মিছিলে অনুমতি দেওয়া হলে তাতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পুজোর পরে অনুমতি দেওয়ার কথা তোলে রাজ্য।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য। আন্দোলন অব্যাহত। শিক্ষক নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। যার জেরে পরপর ধরপাকড়ও চালিয়েছে সিবিআই-ইডি। এহেন আবহে এই আন্দোলনের ডাক বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের। শুক্রবারের নির্দেশের দিকে তাকিয়েই এবার রাজনৈতিকমহল।







