নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এর প্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে প্রাক্তন খাদ্যমন্ত্রীর উবাচ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’ এবং এর পাশাপাশি, রেশন বণ্টন মামলায় ধৃত জ্যোতিপ্রিয় আবারও দাবি রাখলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।
৯ নভেম্বর অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়েই প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য তাঁকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা। সেই মুহুর্তেই গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহেন মন্তব্য করেন তিনি।
আগামীকাল সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক ইডি দফতরে যাবেন।







