শশুরবাড়ির সামনের পুকুরে ভেসে উঠলো জামাইয়ের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের ভাগীরথী পল্লী এলাকায়। মৃতের নাম সুরঞ্জন হালদার।
পুলিশ সূত্রে খবর মৃত সুরঞ্জন হালদার গত দশ বছর ধরে তার স্ত্রী সন্তান নিয়ে শশুরবাড়িতেই থাকতেন। পারিবারিক অশান্তির জেরে তিনি বসবাস করতেন শশুরবাড়িতে।
মৃত সুরঞ্জন হালদারের বাড়ির লোকের দাবি মৃতের স্ত্রী ও শাশুড়ি তাদের ছেলেকে খুন করেছে। মৃত সুরঞ্জন হালদারের বাবার জানিয়েছেন ছেলের সাথে কোনো যোগাযোগ ছিল না তাদের। ছেলের সাথে যখনি দেখা হতো ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেত। মৃত যুবকের বাবার অভিযোগ তার ছেলেকে তার শাশুড়ি ও বৌমা মিলে মারধর করত ছেলেকে।
মৃতের স্ত্রী জানান ‘আমার স্বামী জুয়াতে অনেক টাকা জিতেছিল। কালীপুজোর দিন বাড়িতে অশান্তি করে বেড়িয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি কোনও যোগাযোগও হয়নি। আমি চাই আমার স্বামীকে যে বা যারা খুন করেছে পুলিশ তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।’
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ইতিমধ্যেই ওই জায়গায় পুলিশ গিয়ে পৌছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







