ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি ‘চূড়ান্ত’ ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় আমেরিকার পাশাপাশি উঠে এসেছে ভেনেজ়ুয়েলার নাম—আর সেই ঘোষণার ঠিক চার দিন আগেই ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সময়কালই নজর কেড়েছে কূটনৈতিক বিশেষজ্ঞদের। প্রশ্ন উঠছে, মোদী–রডরিগেস ফোনালাপ কি ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা নিল?
ট্রাম্প জানিয়েছেন, ভারতীয় পণ্যের উপর চাপানো শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি তাঁর দাবি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে ভারত। বদলে আমেরিকা এবং সম্ভবত ভেনেজ়ুয়েলা থেকে আরও বেশি করে অপরিশোধিত তেল কিনবে নয়াদিল্লি। ট্রুথ সোশ্যাল হ্যান্ডলে ট্রাম্প লেখেন, এই সিদ্ধান্ত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামানোর পথও খুলে দিতে পারে।
গত এক বছরে ভারত–আমেরিকা সম্পর্কের অন্যতম টানাপড়েনের জায়গা ছিল রাশিয়া থেকে ভারতের তেল আমদানি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। বরং পরিসংখ্যান বলছে, সেই পরিমাণ বেড়েছে। দিল্লির যুক্তি ছিল—শক্তি নিরাপত্তা ও অভ্যন্তরীণ মূল্যস্থিতি বজায় রাখতে এই সিদ্ধান্ত প্রয়োজনীয়।
কিন্তু ট্রাম্প প্রশাসনের অবস্থান ছিল অনড়। বার বার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্ক কমানো হবে না, বাণিজ্যচুক্তিও হবে না। এমনকি ২০২৫ সালের অক্টোবর থেকেই এই শর্ত প্রকাশ্যে তুলে ধরে ওয়াশিংটন।
এই আবহেই ৩০ জানুয়ারি ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। সমাজমাধ্যমে তিনি জানান, দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে সম্মত হয়েছে। তার পরের দিনই এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘‘ভারত এ বার তেল কিনবে ভেনেজ়ুয়েলার থেকে। আমরা ইতিমধ্যেই চুক্তির একটা রূপরেখায় পৌঁছে গিয়েছি।’’
তখন নয়াদিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু সোমবার ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি বদলে যায়। হোয়াইট হাউস সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম জানায়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের সম্মতির কারণেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। চূড়ান্ত শুল্ক হার হবে ১৮ শতাংশ।
প্রধানমন্ত্রী মোদীও ট্রাম্পের ঘোষণার পর সমাজমাধ্যমে পোস্ট করে শুল্ক কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা বা আমেরিকা ও ভেনেজ়ুয়েলা থেকে বেশি তেল আমদানির বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
বিশেষজ্ঞদের মতে, ভেনেজ়ুয়েলার অপরিশোধিত তেলের গুণগত মান রাশিয়ার তেলের সঙ্গে অনেকটাই সাযুজ্যপূর্ণ। ফলে প্রযুক্তিগত দিক থেকে ভেনেজ়ুয়েলা ভারতের জন্য বিকল্প হতে পারে। কিন্তু রাজনৈতিক ভাবে এই বদল কতটা গভীর, তা এখনও স্পষ্ট নয়।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে—মোদী–রডরিগেস ফোনালাপ কি নিছক কূটনৈতিক সৌজন্য, না কি ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তির নেপথ্যে নতুন তেল-সমীকরণের ইঙ্গিত? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক রাজনীতি।







