বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল বাংলা সিনেমার এক নীরব অধ্যায়

বাংলা সিনেমার পরিচিত মুখ, বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। রবিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। গত এক বছর ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মুম্বইয়ে বসবাস করছিলেন তিনি। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা।

সত্তরের দশকের গোড়ায় চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন মিঠু। প্রথম ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সমিত ভঞ্জ। তবে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ তাঁকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দেয়। আলিবাবার কাহিনি অবলম্বনে তৈরি ছবিতে মর্জিনা চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।

এর পর ‘নিশিকন্যা’, ‘কবি’, ‘চাঁদের কাছাকাছি’, ‘হোটেল স্নো ফক্স’ এবং ‘মৌচাক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৭৪ সালের ‘মৌচাক’-এ রঞ্জিত মল্লিকের সঙ্গে তাঁর জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে ‘স্বয়ংসিদ্ধা’ ছবিতেও রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করেন মিঠু।

বাংলা ছবির পাশাপাশি হিন্দি ও ওড়িয়া সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ১৯৭৬ সালে ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন। শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে অভিনয়ের পাশাপাশি বাসু চট্টোপাধ্যায়ের ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’তেও দেখা যায় তাঁকে।

১৯৮০-র দশকের মাঝামাঝি অভিনয় থেকে সরে যান মিঠু। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্র বরাটের ‘আশ্রিতা’ ছবিতে ফেরেন। প্রতিভা বসুর কাহিনি অবলম্বনে তৈরি ছবিটিই হয়ে থাকে তাঁর শেষ সিনেমা।

এরপর আর ক্যামেরার সামনে ফেরেননি। অনেকটা আড়ালেই জীবন কাটিয়েছেন মুম্বইয়ে। তবে ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’ কিংবা ‘স্বয়ংসিদ্ধা’র মতো ছবিতে তাঁর অভিনয় আজও বাংলা সিনেমার দর্শকের স্মৃতিতে অমলিন। তাঁর প্রয়াণে শেষ হল বাংলা ছবির এক স্মরণীয় অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.