বিনোদন

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, পরিবারের সঙ্গে বিপদে টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত!

দার্জিলিং থেকে তাকদার পথে ধস, গাড়িতে আটকে ১০ ঘণ্টা—৬ মাসের ছেলেকে নিয়ে অসহায় পরিস্থিতি অভিনেত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ বৃষ্টিতে (North Bengal Flood) কার্যত অচল জীবনযাত্রা। পাহাড়ে একের পর এক ধস, ভেসে যাচ্ছে রাস্তা, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এই মারাত্মক পরিস্থিতিতেই পরিবারের সঙ্গে আটকে পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।

অভিনেত্রীর নিজস্ব কথায়, “ফোনে চার্জ নেই, কাল থেকে পাওয়ার কাট। জানি না কখন কারেন্ট আসবে। গাড়ি স্টার্ট করে চার্জ দিতে হচ্ছে।” মানসীর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী, মেয়ে, এবং মাত্র ৬ মাসের একরত্তি ছেলেটি।

প্রথমে তাঁরা দার্জিলিঙে ঘুরতে গিয়েছিলেন। অফবিট জায়গা হিসেবে তিনচুলে আর তাকদার যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রকৃতির রুদ্ররূপ তাঁদের সেই আনন্দভ্রমণকে দুঃস্বপ্নে পরিণত করেছে।

মানসী জানান, “দার্জিলিং থেকে তিনচুলে যাওয়ার সময়ই প্রচণ্ড বৃষ্টি নামে। পৌঁছতে পারিনি। কার্শিয়াংয়েই আটকে গেলাম। জীবনে এমন বৃষ্টি, এমন বাজ আমি দেখিনি। চোখের সামনে ধসে গেল দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের মেইন রাস্তাটা।”

পরদিন সকালে আবহাওয়া কিছুটা শান্ত মনে হওয়ায় তাঁরা তাকদারের দিকে রওনা দেন, কিন্তু সেখানেও চোখের সামনে পাহাড় ধসে নামতে দেখেন। মানসী বলেন, “একটা জায়গা কোনওমতে পরিষ্কার করা হয়েছিল। সকাল ৮টায় রওনা দিয়েছিলাম, পৌঁছলাম সন্ধে ৬টায়। ৬ মাসের বাচ্চা কোলে নিয়ে সারাদিন গাড়িতেই কাটিয়েছি। গাড়িটাও যেখানে ছিল, সেটা সেফ নয়—যেকোনও সময় কিছু ঘটতে পারত।”

অভিনেত্রী আরও বলেন, “প্রথমে ভিডিও করছিলাম, কারণ বুঝিনি পরিস্থিতিটা কত ভয়ঙ্কর। চারপাশে কিছুই নেই—দোকানপাট, খাবার কিছুই না। প্রতিটা মুহূর্তে শুধু ভাবছিলাম, আমরা যেখানে আছি সেখানে যেন কিছু না হয়।”

প্রায় ৯-১০ ঘণ্টা গাড়ির মধ্যে কাটে তাঁদের। কোনওরকমে ছেলেকে দুধ খাওয়াতে পেরেছেন, কিন্তু বাকিদের উপোসে থাকতে হয়েছে। শেষমেশ যে জায়গায় রাত কাটানোর ব্যবস্থা হয়, সেখানেও বাজ পড়ে ট্রান্সফরমার উড়ে গেছে।

মানসীর উদ্বেগ, “যেখানে থাকার কথা ছিল, সেখানে পৌঁছতে পারিনি। এখন এক জায়গায় উঠেছি, কিন্তু জানি না কারেন্ট কবে আসবে।”

বর্তমানে মানসী ও তাঁর পরিবার নিরাপদে আছেন, তবে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তাঁর অনুরাগী ও সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা প্রার্থনা করছেন—মানসী ও তাঁর পরিবার যেন সুস্থভাবে দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন।

প্রতিবেদন: সময় ৩৬৫
ছবি: মানসী সেনগুপ্তর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.