হাসপাতালের লেবার রুমে এক প্রসূতিকে মারধরের অভিযোগ উঠল কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা হাসপাতালে।
ঘটনার সূত্রপাত গত ২১ তারিখ সপ্তমীর সকালে। এ দিন সকাল ৭টা নাগাদ এগরার চাটলা গ্রামের তনুশ্রী পাত্রকে তার পরিবার এগরা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করেন। প্রায় দুপুর ১টা নাগাদ তনুশ্রী এক কন্যা সন্তানের জন্ম দেন।এরপর লেবার রুম থেকে বেরিয়ে তনুশ্রী কাঁদতে কাঁদতে পরিবারের লোকেদের কাছে হাসপাতালের নার্সদের নামে অভিযোগ জানিয়ে বলেন, “স্বাভাবিক প্রসব হলেও লেবার রুমের ভিতরে নার্সরা অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার পাশাপাশি চড়-থাপ্পড় মেরেছে। পায়ের পাতায় সুচ ফুটিয়েছে।”
এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এগরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রসূতির পরিবার। এগরা থানাতেও অভিযোগ করা হয়। যদিও হাসপাতাল কর্মীদের অভিযোগ,”মারধরের মিথ্যা অভিযোগ করে প্রসূতির পরিবার নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপরে পালটা চড়াও হয়ে মারধর করেন”।







