আইপ্যাক (Indian PAC Consulting Pvt. Ltd.)–এর অফিসে ইডি-র তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তাপ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইডি তল্লাশি করতে নয়, “তথ্য চুরি করতে” এসেছিল। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির কনক্লেভ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে সরব হয়ে তিনি বলেন, “আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, তারপরেও হেরেছিল। এবারও হারবে।”
ডিজিটাল রাজনীতির গুরুত্ব তুলে ধরে অভিষেক জানান, বর্তমান সময়ে রাজনৈতিক লড়াই শুধু রাস্তায় নয়, মোবাইল স্ক্রিনেও। সেই লক্ষ্যেই দলের কর্মীদের ডিজিটাল প্রচারে প্রস্তুত করতে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ উদ্যোগ। তবে সেই মঞ্চ থেকেই তিনি আইপ্যাকের অফিসে ইডি-র হানাকে “সময় নির্বাচন করা রাজনৈতিক পদক্ষেপ” বলে আখ্যা দেন।
অভিষেকের বক্তব্য, কয়লা তদন্তে গত তিন বছরে কাউকে সমন করা হয়নি। অথচ নির্বাচনের মাত্র এক মাস আগে হঠাৎ করে তল্লাশি—তা-ও শুধুমাত্র বাংলায়। তাঁর দাবি, আইপ্যাকের তিনজন ডিরেক্টরের মধ্যে একজন দিল্লিতে, একজন তামিলনাড়ুতে এবং একজন বাংলায় কাজ করেন। “তাহলে খালি বাংলাতেই রেড কেন?”—প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেকের অভিযোগ, “রেড করতে আসেনি, তথ্য নিতে এসেছে। চুরি করতে এসেছে।”
দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব প্রসঙ্গে অভিষেক বলেন, “দল তো আমাদের মা। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে ছাড় নেই।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁর কটাক্ষ, “আপনারা ভাবছেন ইডি-সিবিআই পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবেন। সিপিএমের বোমা-বন্দুকের কাছেও যিনি মাথা নত করেননি, তাঁকে ভয় দেখানো যাবে না।”
অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ইডি-সিবিআইয়ের তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে ঠিকই, কিন্তু এখনও মানুষ এই সংস্থাগুলির উপর ভরসা রাখে। চোর-পুলিশ খেলা অনেক হয়েছে। আমাদের লক্ষ্য পরিষ্কার—সরকার পরিবর্তন।”
এদিকে আইপ্যাক কাণ্ডে আইনি লড়াইও তীব্র হয়েছে। বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠার পর শুনানি মুলতুবি থাকে। এরপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। সোমবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি-র আবেদনে অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা তদন্তে বাধা সৃষ্টি করেছেন। সংস্থার দাবি, তল্লাশির সময় ইডি আধিকারিকদের হুমকি দেওয়া হয় এবং অপরাধমূলক নথি ও ফাইল ছিনিয়ে নেওয়া হয়। তল্লাশি চালানো হয়েছিল দুটি জায়গায়—প্রতীক জৈনের বাসভবন এবং ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের অফিস প্রাঙ্গণে।
আবেদনে আরও বলা হয়েছে, বিপুল জনসমাবেশ ও ভারী পুলিশ মোতায়েন করে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা হয়। আদালত প্রাঙ্গণে হট্টগোলের জেরে হাইকোর্টের শুনানি স্থগিত করতে হয়। ইডি-র দাবি, হোয়াটসঅ্যাপ বার্তার মতো প্রমাণে দেখা যাচ্ছে, এই হট্টগোলের সঙ্গে সরাসরি রাজ্য সরকারের সমর্থিত দলের সদস্যরা যুক্ত ছিলেন।
আইপ্যাক কাণ্ডে রাজনৈতিক তরজা ও আইনি সংঘাত—দু’দিকই ক্রমশ তীব্র হচ্ছে। ভোটের মুখে এই সংঘাত রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।







