পুরীর মন্দির ধ্বংস করবে জঙ্গীরা ! মন্দিরের দেওয়ালে বড় বড় করে লেখা হয়েছে হুমকি ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই । কে বা কারা এর সঙ্গে যুক্ত , ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ ।
বুধবার হঠাৎই জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে একটি লেখা চোখে পড়ে । সেখানে ওড়িয়া ভাষায় বড় বড় করে লেখা ছিল, “জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে”। লেখা সকলের চোখে পড়তেই বারে আতঙ্ক – উদ্বেগ । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে । মন্দিরের গায়ে ওড়িয়া ভাষায় লেখা ছিল, “জঙ্গিরা শ্রীমন্দির ধ্বংস করে দেবে। আমায় ফোন করুন, নাহলে ধ্বংস হয়ে যাবে সব”। পাশাপাশি ওই লেখায় ‘প্রধানমন্ত্রী মোদী’, ‘দিল্লি’- এই শব্দেরও উল্লেখ ছিল ।
পুরীর এসপি পিনাক মিশ্র এবিষয়ে বলেন , “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে। যারা এই হুমকি দিয়েছে, তাদের গ্রেফতার করতে পুলিশ টিম তৈরি করা হচ্ছে।” তিনি জানান , এই লেখা মঙ্গলবার রাতে লেখা হয়েছে । পাশাপাশি তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি । উল্লেখ্য , পুরীর দেওয়ালে লেখাকে কেন্দ্র করে ইতিমধ্যে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও চলছে বলে সূত্রের খবর ।







