পহেলগাঁও সন্ত্রাসের ঘটনার পর থেকেই বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। এবার শহিদ সেনা জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়ে এক প্রশংসনীয় পদক্ষেপ নিলেন তিনি। আইপিএল-এ পাঞ্জাব কিংস-এর সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্ত্রীদের কল্যাণে এক কোটি টাকা অনুদান দিলেন প্রীতি।
শনিবার, জয়পুরে একটি অনুষ্ঠানে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সেখানে সেনাদের আত্মত্যাগ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। প্রীতি বলেন,”আমাদের সেনা বাহিনীর সাহসী পরিবারের জন্য কিছু করতে পারা আমার কাছে সম্মান ও দায়িত্বের। তাঁদের ত্যাগের কোনও ক্ষতিপূরণ হয় না, তবে আমরা তাঁদের পাশে দাঁড়াতে পারি।” প্রীতি নিজেও সেনা পরিবারের মেয়ে। সেই আবেগই তাঁকে বারবার দেশের সেনা ও তাঁদের পরিবারদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন,”আমি তো সেনা পরিবারের মেয়ে। তাই এ সব ঘটনা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। যখন রক্ত ঝরে, আমি চুপ থাকতে পারি না।”
সেনাদের পরিবারকে দেশের সত্যিকারের শক্তি বলে অভিহিত করেন প্রীতি। তাঁর কথায়,”সেনাদের পরিবারের সদস্যরা আরও বেশি শক্তিশালী ও সাহসী। এমন মায়েরা রয়েছেন, যাঁরা নিজের সন্তানকে দেশরক্ষার জন্য উৎসর্গ করেন। এমন স্ত্রীরা রয়েছেন, যাঁরা আর কোনও দিন স্বামীর হাসিমুখ দেখতে পাবেন না। এমন শিশুরাও রয়েছে, যাঁরা কোনও দিন বাবাকে চিনবে না। এটাই ওঁদের কঠিন বাস্তবতা। তাই তাঁদের জন্য রইল অনেক শুভকামনা ও শ্রদ্ধা।” এই উদ্যোগ ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবেই বাস্তবায়িত হয়েছে, যা শহিদ সেনা পরিবারের কল্যাণে পাঞ্জাব কিংস-এর একটি সমাজসেবামূলক কর্মসূচি। সমাজে এমন মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে উদাহরণ হয়ে রইল।







