মালগাড়ির চালক সিগন্যাল ফেল করেছিলেন। তাতেই বড় বিপর্যয়। কমিশন অফ রেলওয়ে সেফটির তদন্ত শুরুর আগেই রেলবোর্ড তা ঘোষণা করে দিয়েছে। রেলবোর্ডের বক্তব্য, দুর্ঘটনা চালকের দোষে। রেলবোর্ড জানায়, মালগাড়ির চালক সিগন্যাল ভেঙে এগিয়ে যান। যদিও রেলেরই আরেকটি সূত্রে জানানো হয়েছে, ৯ লাল সিগন্যাল পেরোনোর ‘পেপার ক্লিয়ারেন্স’ দেওয়া হয়েছিল মালগাড়িকে। সোমবার সকাল থেকে সিগন্যালে ত্রুটি ছিল। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি যাওয়ার আগেও এই লাইন দিয়ে আরেকটি মালগাড়ি গিয়েছিল। তখনও সিগন্যাল বিভ্রাট ছিল, পেপার সিগন্যাল দেখানো হয়েছিল। কিন্তু রেলবোর্ডের রিপোর্টে সেই বিষয়টিও আড়াল করা হয়েছে।
দুর্ঘটনায় মালগাড়ির চালক অনীল কুমারের মৃত্যু হয়েছে। সহকারি চালক মনু কুমার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রেলের আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত মালগাড়ির সহকারী চালক মনু কুমারের পরিবার।
সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন মনু কুমারের স্ত্রী কিরণ কুমারী দেবী। তিনি বলেন, ‘দিন দিন ট্রেনের সংখ্যা বাড়ছে ও চালকের সংখ্যা কমছে। এর ফলে চালক ও সহকারী চালকদের একটানা ৪৮ – ৭২ ঘণ্টা ডিউটি করতে বাধ্য করছেন রেলের আধিকারিকরা। দিনের পর দিন বিশ্রামের অভাবে তারা অসুস্থ হয়ে পড়ছেন।’
মনু কুমারের বাবা রঘুনন্দন চৌধুরী বলেন, ‘রেলের চালক ও সহকারী চালকরা কোনও ছুটি পান না। আধিকারিকরা তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যাবহার করেন। যা মানসিক নির্যাতনের নামান্তর। রেলের আধিকরিকরা চালকদের মানুষ বলে মনে করেন না। টানা ২ দিন ডিউটি করে বাড়ি ফিরে ঘুমালে মাঝ রাতে ফোন করে ডিউটিতে ডেকে পাঠান। না যেতে চাইলে ব্যক্তিগত আক্রমণ করেন আধিকারিকরা। বলেন, এত রাতে কি বউয়ের সঙ্গে রোম্যান্স চলছে?’







