ভোটের আগে জনমুখী বাজেট—এই প্রত্যাশা যে ফাঁকা ছিল না, তা প্রমাণ হয়ে গেল বৃহস্পতিবার। দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতেই একের পর এক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। সেই সঙ্গে বড় স্বস্তির খবর প্যারাটিচার ও শিক্ষাকর্মীদের জন্যও।
বাজেট ভাষণে জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে প্যারা-শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক-সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা এককালীন ১,০০০ টাকা করে বাড়ানো হবে। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর নিকট আত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এই খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সরব ছিলেন প্যারাটিচার ও শিক্ষাকর্মীরা। ২০১৮ সালের পর থেকে বেতন না বাড়ার অভিযোগে শিক্ষা দফতর অভিযানও করেছিলেন তাঁরা। অনেকেরই দাবি ছিল, জনমজুরের থেকেও কম বেতন পান তাঁরা।
এদিনের বাজেট ঘোষণায় জানানো হয়েছে, প্রাথমিক স্তরের প্যারাটিচারদের বেতন ১০ হাজার টাকা থেকে বেড়ে হবে ১১ হাজার টাকা। উচ্চ প্রাথমিকে এই অঙ্ক ১৪ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ১৫ হাজার টাকায়। শিক্ষাবন্ধুরা যাঁরা এতদিন ৮ হাজার টাকা ভাতা পেতেন, তাঁদের ভাতা বেড়ে হবে ৯ হাজার টাকা। পাশাপাশি আশাকর্মীদের ভাতাও বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
ভোটের মুখে রাজ্য বাজেটে এই ঘোষণাগুলি যে রাজনৈতিক ও প্রশাসনিক—দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।







