কিছুদিন আগে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন’ করার অভিযোগে এথিক্স কমিটির সামনে মহুয়া হাজির হলে, তাঁকে প্রশ্ন করা হয়, রাতে কার সঙ্গে কথা বলেন? কী কথা বলেন? এরপরই মহুয়া এবং কমিটিতে থাকা বিরোধী সাংসদরা বেরিয়ে আসেন। অভিযোগ, মহিলা সাংসদ মহুয়াকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে।এমনকি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মহুয়া মৈত্র।
ক্যাশ ফর কোয়ারি বিতর্কে বিদ্ধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছে পার্লামেন্টের এথিক্স কমিটি। এই আবহে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাত্কারে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নতুন বিতর্কে জন্ম দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।চলতি সপ্তাহের সোমবার দিল্লির সরকারি বাসভবনে গার্ডিয়ানকে সাক্ষাত্কার দেন মহুয়া।
সেখানে ৪৯ বছরের সাংসদ বলেন, “পুরুষদের ক্ষেত্রে আমার পছন্দ ভয়ানক।”উল্লেখ্য, গার্ডিয়ানের প্রতিবেদনে ভারতীয় রাজনীতিতে মহুয়াকে ‘মিসফিট’ (খাপ খাচ্ছেন না) বলে উল্লেখ করা হয়েছে। যা মানতে নারাজ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পাশাপাশি মহিলা রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত, এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি করতে হলে একজন মহিলাকে আদর্শগতভাবে বিয়ে করতেই হবে, তার কোনও মানে নেই। এক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্না, সিঙ্গেল, বিধবা, কোনও সম্পর্কে আছেন বা কোনও ডেটে যাচ্ছেন — এই বিষয়গুলি দেখা উচিত নয়”।
এমতাবস্থায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়াকে নতুন দায়িত্ব দেন। এদিন তৃণমূলনেত্রী কৃষ্ণনগরের জেলা সভাপতি পদে মহুয়া মৈত্রকে নিয়োগ করেন। ফলে বিশেষজ্ঞদের দাবি, এর জেরে নিজের নির্বাচনী কেন্দ্রের সংগঠন মজবুত করে নিতে পারবেন মহুয়া।







