রাজ্য

ভরা মেট্রোয় শ্লীলতাহানি! তরুণীর প্রতিবাদে চড়, তবু হাসিমুখে নির্বিকার অভিযুক্ত

ভরা মেট্রোর ভিতরেই শ্লীলতাহানির শিকার হতে হল এক তরুণীকে। ঘটনাটি বেঙ্গালুরু মেট্রোর। ২৫ বছরের ওই তরুণী, পেশায় ফ্যাশন ডিজাইনার, অভিযোগ করেছেন—যাত্রাপথে তাঁর পাশে বসা এক মধ্যবয়সি ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বারবার অশালীন স্পর্শ করছিলেন। প্রতিবাদে চড় মারলেও অভিযুক্তের মুখে ছিল অদ্ভুত হাসি, যা পরিস্থিতিকে আরও ভীতিকর করে তোলে।

তরুণীর বর্ণনায়, প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তিনি জানান, দুই সহযাত্রীর মাঝখানে স্বচ্ছন্দেই বসেছিলেন। যাত্রার মাঝামাঝি সময়ে অভিযুক্ত ব্যক্তি তাঁর পাশে এসে বসেন। এরপর থেকেই অস্বস্তি শুরু হয়। তরুণীর দাবি, লোকটি ইচ্ছাকৃত ভাবে গা ঘেঁষে বসছিল এবং ক্রমে তাঁর শরীরে হাত ঘোরাতে থাকে।

প্রথমে ভুল করে হাত লেগে গিয়েছে বলেই ভেবেছিলেন তিনি। কিন্তু অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন, ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। অভিযুক্ত নিজের পা তরুণীর পায়ের উপর তুলে দেন বলেও অভিযোগ। প্রতিবাদ জানিয়ে তাঁকে ঠিকভাবে বসতে বললেও কোনও লাভ হয়নি। উল্টে শারীরিক স্পর্শ আরও বাড়তে থাকে।

পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতেই তরুণী সাহস সঞ্চয় করে দাঁড়িয়ে অভিযুক্তকে চড় মারেন এবং তাঁকে উঠে দাঁড়াতে বলেন। ট্রেন থেকে নামার পরও অভিযুক্ত তাঁর পিছু নেয়। ফের চড় মারলেও অভিযুক্ত নির্বিকারই থাকে। এমনকি তাঁর মুখে হাসি দেখা যায় বলে অভিযোগ।

এই ঘটনায় ক্ষুব্ধ তরুণী মোবাইলে অভিযুক্তের ভিডিও রেকর্ড করতে শুরু করেন এবং তাঁকে ‘বিখ্যাত’ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর মা-ও পুলিশের সঙ্গে কথা বলেন। যদিও শেষ পর্যন্ত তরুণী এফআইআর দায়ের করেননি। পুলিশ একটি এনসিআর নথিভুক্ত করে অভিযুক্তকে কড়া সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেয়।
ঘটনাটি ফের একবার প্রকাশ্যে আনল গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.