নির্বাচনী কাজে গাফিলতি বা কমিশনের নির্দেশ অমান্য করলে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রয়োজনে ফৌজদারি মামলা দায়েরের কথাও জানানো হয়েছে।
সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) কাছে পাঠানো দু’পাতার নির্দেশিকায় কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কাজে গাফিলতি, দায়িত্ব পালনে অবহেলা, আইন বা নিয়ম ভঙ্গ এবং কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হলে বিএলও-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের অভিযোগ উঠলে প্রথমে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) ওই বিএলও-কে নিলম্বিত করবেন। এর পর কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করতে হবে। দ্রুত তদন্ত শেষ করে ছ’মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কমিশন জানিয়েছে, অভিযোগ যদি ফৌজদারি অপরাধমূলক হয়, তবে সিইও-র অনুমতি নিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন ডিইও। শুধু তাই নয়, সিইও-রা স্বতঃপ্রণোদিত ভাবেও বা ডিইও এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) রিপোর্টের ভিত্তিতে বিএলও-কে সাসপেন্ড করা, বিভাগীয় তদন্ত শুরু করা কিংবা এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিতে পারবেন।
চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে, এই বিষয়ে সিইও-র নির্দেশই চূড়ান্ত। তাঁদের অনুমতি ছাড়া কোনও শাস্তিমূলক পদক্ষেপের নিষ্পত্তি করা যাবে না।
কমিশনের এই কড়া নির্দেশিকা ঘিরে প্রতিক্রিয়া উঠেছে ভোটকর্মী মহলে। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন,
“বিএলও-রা তৃণমূল স্তরে কাজ করেন। উপরতলার নির্দেশ মেনেই তাঁদের কাজ করতে হয়। কিন্তু সমস্ত দায় তাঁদের ঘাড়ে চাপানো হচ্ছে। আসল প্রশ্ন ইআরও ও এইআরও-দের ভূমিকা নিয়ে—সেই বিষয়ে নির্বাচন কমিশন কেন নীরব?”
তবে তিনি এটাও স্পষ্ট করেন, “কোনও বিএলও যদি দুর্নীতি বা অনিয়মে যুক্ত থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমাদের আপত্তি নেই।”
নির্বাচনের আগে কমিশনের এই কড়া অবস্থান ভোটার তালিকা সংশোধন ও প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে বড় বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।







