সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃনমূল কংগ্রেস একাধিক কর্মসূচি গ্রহণ করেন। এবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের পর তিনি চলে যাবেন ডুয়ার্সে। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে একেবারেই মাঠে নেমে পড়েছে মোটামুটি সব পক্ষই।
নবান্ন সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর বুধবার তৃনমূল নেত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এর মধ্যে অধিকাংশই হবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। এই সফরে গিয়ে বেশ কয়েক দিন ওখানে থেকে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও আইটি হাব গড়ার লক্ষেই এই বিজনেস সামিট করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সেটা কোথায় এবং কবে থেকে হবে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি আসনে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে যুযুধান শিবির। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন গত জুন মাসে। আর উত্তরবঙ্গবাসীর কাছে দলের ভূমিকা তুলে ধরা মমতার কাছে এক বড় চ্যালেঞ্জ বটে।







