আন্তর্জাতিক নারী দিবসের আগে বিশেষ সম্মান পেলেন ভারতের তারকা ওপেনার Smriti Mandhana। বিশ্বখ্যাত খেলনা প্রস্তুতকারক সংস্থা Mattel তাঁর আদলে তৈরি করল একটি বিশেষ ‘বার্বি’ পুতুল। এর মাধ্যমে স্মৃতি মন্ধানা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করলেন।
নারী দিবস উপলক্ষে ম্যাটেল তাদের বিশেষ ‘বার্বি ড্রিম টিম’ ঘোষণা করেছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারীরা। স্মৃতি ছাড়াও রয়েছেন টেনিস কিংবদন্তি Serena Williams, মহাকাশচারী Kellie Gerardi, রেসিং ড্রাইভার Regina Sirvent Alvarado, ইংল্যান্ডের ফুটবলার Chloe Kelly, জার্মান গায়িকা Helene Fischer, পর্বতারোহী Zoya Skubis এবং সার্ফার Stephanie Gilmore।
এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত স্মৃতি। ইনস্টাগ্রামে নিজের বিশেষ বার্বি পুতুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, ছোটবেলায় এমন উপহার পাওয়ার কথা কখনও কল্পনাও করেননি। ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে বলেও জানান তিনি। স্মৃতির কথায়, তাঁর গল্প যদি অন্তত একজন মেয়েকেও স্বপ্ন দেখায় যে সেও মাঠে নিজের জায়গা তৈরি করতে পারে, সেটাই হবে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
স্মৃতির আদলে তৈরি বার্বি পুতুলটির গায়ে রয়েছে ভারতীয় দলের জার্সি, যেখানে লেখা রয়েছে ‘Smriti’ এবং জার্সি নম্বর ১৮। সঙ্গে রয়েছে একটি ব্যাট, যাতে খোদাই করা ‘SM 18’। এছাড়াও রয়েছে এক জোড়া গ্লাভস, যা স্মৃতির ব্যবহৃত গ্লাভসের আদলেই তৈরি।
ম্যাটেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের আট জন সফল নারীকে সম্মান জানাতেই এই উদ্যোগ। তাঁদের প্রত্যেকেই প্রতিকূলতা অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছেন।
তবে প্রশ্ন উঠেছে, এই বিশেষ ‘স্মৃতি বার্বি’ কি বাজারে পাওয়া যাবে? সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, এটি বিক্রির জন্য নয়। শুধুমাত্র সম্মান জানাতেই তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণ।
উল্লেখ্য, বার্বি পুতুল প্রথম তৈরি করেছিলেন আমেরিকান ব্যবসায়ী Ruth Handler। পরে Mattel-এর হাত ধরে ১৯৫৯ সালের ৯ মার্চ প্রথম বাজারে আসে বিশ্বের জনপ্রিয় এই খেলনাটি।







