রাজনীতিরাজ্য

কামরহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র অসুস্থ, এসএসকেএম হাসপাতালে ভর্তি

কলকাতা, ০৪ ডিসেম্বর, ২০২৩: সোমবার সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিত্‍সাধীন আছেন তিনি।

গত কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছিলেন মদন। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। রাতে ফিরে এদিন সকালেই বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। শীতকালীন অধিবেশন চলছে এখন। সেই অধিবেশনে যোগ দেন মদন।

এদিন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন মদনকে কাশতেও দেখা গেছে। অনেকেই তাঁকে জিজ্ঞাসা করেন কী হয়েছে? প্রশ্নের উত্তরে মদন জানিয়েছিলেন, তাঁর ঠান্ডা লেগেছে। বিধানসভা থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি।

সূত্রের খবর, বাড়িতে কাশি ক্রমশ বাড়তে থাকে। সেইসঙ্গে শ্বাসকষ্টও শুরু হয়। অপেক্ষা না করে তত্‍ক্ষণাত্‍ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিত্‍সকরা মদনকে পরীক্ষা করে জানান তাঁর বুকে ঠান্ডা লেগে সর্দি জমেছে।

চিকিত্‍সকরা জানিয়েছেন, বিপদের কোনও আশঙ্কা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কবে ছাড়া পাবেন তৃণমূল বিধায়ক, তা এখনই কিছু জানাননি চিকিত্‍সকরা।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মদন মিত্রের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। তিনি বলেন, “চিকিত্‍সকরা মদনবাবুকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

মদন মিত্রের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কামারহাটিতে তাঁর সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সকলেই মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.