জেলা

খড়দহে কুপিয়ে খুনের চেষ্টা, পুলিশের ভূমিকায় ক্ষোভ মন্ত্রী শোভনদেবের

“পুলিশ কার দালালি করছে?” প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য

খড়দহের বন্দিপুরে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগের তির প্রথমেই ঘোরে পুলিশের দিকে। কারণ, আক্রান্তের পরিবার দাবি করেছে—ঘটনার পরও পুলিশ নাকি দায়িত্বশীল ভূমিকা নেয়নি। সেই অভিযোগেই সরব হলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে রহড়া থানার অন্তর্গত ডাঙাদিঘলা এলাকায় সুরজ খানের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
শুক্রবার হাসপাতালে গিয়ে সুরজের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী শোভনদেব। সেখানেই আক্রান্তের মা পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন। পরিবারের বক্তব্য শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন,
“ঘটনা ঘটেছে, পুলিশ গিয়ে তদন্ত করবে—এটাই স্বাভাবিক। কিন্তু এখানে তারা কিছুই করল না। উল্টে বলছে, মিটমাট করে নিতে! পুলিশ কার দালালি করছে? সমাজবিরোধীদের? আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল পুলিশের।”
তিনি আরও বলেন,
“আমি বরাবর চেষ্টা করেছি খড়দহ এলাকায় সমাজবিরোধী দৌরাত্ম্য কমাতে। দু-চারজনের জন্য গোটা এলাকা বদনাম হোক, তা মেনে নেব না।”
পুলিশকে সরাসরি সতর্ক করে মন্ত্রীর মন্তব্য,
“পুলিশ ঠিকমতো কাজ করলে কোনও গন্ডগোল হয় না। টুকটাক ঝামেলা হতে পারে, কিন্তু কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করবে—এটা মেনে নেওয়া যায় না। পুলিশের নিষ্ক্রিয়তা না থাকলে দুষ্কৃতী দৌরাত্ম্য হঠাৎ বাড়বে কেন? প্রয়োজন হলে যতটা যাওয়ার ততটাই যাব।”
তবে পুলিশের দাবি ভিন্ন। রহড়া থানার তরফে জানানো হয়েছে—
“প্রাথমিক তদন্তে একজনকেই অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এখন পুলিশের ভূমিকা এবং তদন্তের গতিপথ—দুই নিয়েই উত্তাল খড়দহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.