রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছর ধরে রাজ্যের প্রতিটি জেলা, ব্লক এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক কর্মসূচি পালনের নির্দেশ জারি করেছে নবান্ন। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করতে ২৩ জুন তথ্য ও সংস্কৃতি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ কর্মসূচি
নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত ও সরকারি স্পনসরড স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই এবং বিশ্ববিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরে বিশেষ অ্যাসেম্বলি বা আলোচনা সভার আয়োজন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে—
* কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁর জীবন ও দর্শন নিয়ে বিশেষ বক্তৃতার আয়োজন।
* স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রচনা প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজের আয়োজন।
* বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর জীবন ও কর্ম নিয়ে শিক্ষামূলক বুকলেট বা তথ্যপুস্তিকা প্রকাশ।
* রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতি বছর তাঁর স্মৃতিতে স্থায়ীভাবে ‘মেমোরিয়াল লেকচার’ আয়োজনের ব্যবস্থা।
প্রতিটি জেলায় গঠন হবে উদযাপন কমিটি
এই কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলায় ‘ডিস্ট্রিক্ট লেভেল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি’ গঠন করা হবে।
কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক (DM)। সদস্য হিসেবে থাকবেন পুলিশ সুপার বা পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুরসভার কমিশনার বা এক্সিকিউটিভ অফিসার, মহকুমা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শক। এছাড়া জেলাশাসকের মনোনীত স্থানীয় সাংসদ ও বিধায়কেরাও সদস্য হিসেবে যুক্ত থাকবেন। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক থাকবেন সদস্য-সচিব।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরের অনুষ্ঠানে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়কদের অবশ্যই আমন্ত্রণ জানাতে হবে। পাশাপাশি গ্রন্থাগার ও জাদুঘরের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে এই উদ্যোগের প্রচার চালানোর কথা বলা হয়েছে।
ঐতিহ্য সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ
শুধু অনুষ্ঠান আয়োজনেই সীমাবদ্ধ নয় এই পরিকল্পনা। নির্দেশিকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থানগুলির সংরক্ষণ ও সংস্কারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, জনসেবা এবং রাষ্ট্রগঠনে ভূমিকা তুলে ধরতে স্থায়ী প্রদর্শনী বা গ্যালারি তৈরির পরিকল্পনাও রয়েছে।
এছাড়া তাঁর ঐতিহাসিক নথি, ভাষণ ও চিঠিপত্র ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা করা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্মারক ফলক স্থাপনের কথাও উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যেই এই নির্দেশিকার অনুলিপি রাজ্যের সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব, জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই উদ্যোগ প্রশাসনিক দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।







