বারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উত্তম দাসকে ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেল। শনিবার বারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকার বিভিন্ন জায়গায় তাঁর এবং তাঁর ভাইদের নামে একাধিক বিতর্কিত পোস্টার পড়তে দেখা যায়। পোস্টার ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পোস্টারে লেখা রয়েছে, “বারাকপুরবাসী দিচ্ছে ডাক, বারাকপুরের চোরমুক্ত হোক। বিশ্ব, তারক, উত্তম জেলে যাক। গাছ কেটে, পুকুর ভরিয়ে সব লুটেছে। কোমরে দড়ি বেঁধে বারাকপুরে ঘোরানো দেখতে চাই।” পোস্টারের ভাষা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
যদিও পোস্টারে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস। তাঁর দাবি, এটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই পোস্টার লাগানো হয়েছে।
উত্তম দাস বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর বারাকপুর পৌরসভার চেয়ারম্যান ছিলাম। মানুষের জন্য কাজ করেছি। কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করিনি। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে কেন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে না—এই ধরনের ভাষা ব্যবহার অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি প্রশাসনকে জানাব। কোথা থেকে এই পোস্টার লাগানো হয়েছে, তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে এই পোস্টার কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
পোস্টারের অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর বারাকপুরবাসীর।







