কলকাতা, ৮ ডিসেম্বর ২০২৩: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি মোটামুটি ঠিকই ছিলেন। তবে রাতে আচমকা তাঁর অবস্থার অবনতি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের বক্তব্য, “মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তাই তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। আপাতত তিনি স্থিতিশীল আছেন।”
গত সোমবার রাতে মদন মিত্রকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্র এতটাই কমে যায় যে জ্ঞান হারান তিনি। চিকিত্সকেরা দেখেন অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে তাঁর রক্তে। এরপরই সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।
উল্লেখ্য, সাধারণত শ্বাসকষ্টের সমস্যা হলে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট। এ ক্ষেত্রে মেশিনের মাধ্যমে বাতাস প্রবেশ করে ফুসফুসে। মুখে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে। মদন মিত্রের ক্ষেত্রেও তাই হয়েছে। বাইপ্যাপ দেওয়ার পর কিছুটা সুস্থ হন তিনি।
মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুস্থতা কামনা করেছেন।
মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করি।







