যোগী রাজ্যে ডার্বি। ইস্ট-মোহনের ফুটবল-লড়াই উপভোগ করবে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল সমাদৃত হলেও উত্তরপ্রদেশ ফুটবল জ্বরে আক্রান্ত হয়নি কখনও। ফুটবলের জনপ্রিয়তাও তেমন একটা নেই সেই রাজ্যে।
এই কারণেই যোগী আদিত্যনাথের শহরে ফুটবল জনপ্রিয় করার জন্যই ইস্ট-মোহনকে নিয়ে যাওয়ার পদক্ষেপ করা হচ্ছে। ডার্বি ম্যাচের বল কোথায় গড়াবে, তা এখনও স্থির হয়নি। তবে সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং উত্তরপ্রদেশ ফুটবল সংস্থা মোহন-ইস্টের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করার কথা ভাবনাচিন্তা করছে। তবে কোথায় এই ম্যাচ টি অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা চলছে।
শোনা যাচ্ছে, ফেডারেশনের আধিকারিকরা দিনকয়েকের মধ্যেই লখনউ আসবেন। প্রীতি ম্যাচের জন্য উপযুক্ত ফুটবল মাঠ বেছে নেবেন। সূত্র মারফত জানা গেছে, গুরু গোবিন্দ সিং স্পোর্টস কলেজ, কেডি সিং বাবু স্টেডিয়াম এবং একানা আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে কোনও একটিকে বেছে নেবেন ম্যাচের কেন্দ্র হিসেবে।
২০১৭ সালে যোগী আদিত্যনাথ দায়িত্ব গ্রহণ করেন। উত্তর প্রদেশে খেলাধুলো জনপ্রিয় করার জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেন আদিত্যনাথ। জানা গিয়েছে, ৮ আগস্ট ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ডার্বি ম্যাচ আয়োজন নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে।
২০২৩ সালে উত্তর প্রদেশের প্রথম ক্লাব ইন্টার কাশী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। কমপক্ষে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল একানা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে। কিন্তু সেই সময় কেবলমাত্র একটি ম্যাচ হয়। আই লিগের বাকি ম্যাচগুলো বাতিল হয়ে যায় একানা স্টেডিয়ামে।
এবার ইস্ট-মোহনের ফুটবল লড়াই হবে উত্তর প্রদেশে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।







