সম্প্রতি রণবীর কপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘অ্যানিমাল’ ছবিটি বেশ আলোচিত। রণবীর কপুরের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ কেউ কেউ। আবার কারও মাথায় ঢোকেনি ছবির ‘প্লট’। মুক্তির পর থেকেই অ্যানিমাল নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবার নিজের মতামত পোষণ করলেন।
বুধবার রাতে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানিমাল দেখার অভিজ্ঞতার কথা ভাগ করেছেন দেবাংশু। যুব তৃণমূল নেতা লেখেন, “অ্যানিমাল বলে একটা সিনেমা দেখলাম। মনে হল সাড়ে তিন ঘণ্টা ধরে মাংসের দোকানের সামনে বসে ছিলাম। বাড়ি গিয়ে স্নান করতে হবে। বাবা কেন চাকর, সিনেমার বলিউডি বদলা হিসেবে সিনেমার নাম হওয়া উচিত ছিল ‘টাইম দে বাওয়া’।” সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে মজার ছলে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা। দেবাংশু লেখেন, ”সিনেমাটা দেখে সিপিএম মজা পাবে।”
১৯৭০ সালে বর্ধমানের সাঁইবাড়িতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কংগ্রেস সমর্থক তিন ভাই ও তাঁদের গৃহ শিক্ষককে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকী তাঁদের মাকে রক্ত দিয়ে ভাত খাওয়ানোর অভিযোগও উঠেছিল। সেই প্রসঙ্গে টেনে সিপিএমকে এই তৃণমূল নেতা খোঁচা দিলেন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দেবাংশু ফেসবুক পোস্টের নীচে অসংখ্য নেটিজেন কমেন্ট করে রণবীর কপুরের এই ছবি নিয়ে নিজেদের মতামতের কথা জানিয়েছে। কেউ কেউ আবার সিপিএমের নাম টেনে আনার জন্য তৃণমূল নেতাকে কটাক্ষ করেছেন। অসীম মল্লিক নামে এক নেটিজেনের মতে, ‘মানি হাইস্ট দেখলাম। সিরিজটা দেখে বাংলার ক্ষমতাসীন এক রাজনৈতিক দলের কথা বারবার মনে পড়ছে।’







