ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা পল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে ইতালির অ্যান্টি-ডোপিং ট্রাইবুনাল।
জুভেন্টাস ক্লাব সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, “অ্যান্টি-ডোপিং অ্যাজেন্সির কাছ থেকে আজ সকালে আমরা একটি নোটিফিকেশন পেয়েছি, যা আমি নিশ্চিত করছি। সেখানে পগবাকে চার বছরের নিষিদ্ধের অনুরোধ জানানো হয়েছে।”
রোববার (২০ আগস্ট) উদিনেসের বিপক্ষে সিরি-এ মৌসুম শুরুর প্রথম ম্যাচেই পগবার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। ২০১৮ বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার ওই ম্যাচেই নিষিদ্ধ ঔষধ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ উঠে।
পগবার প্রতিনিধি অবশ্য জানিয়ছেন যুক্তরাষ্ট্রের এক চিকিত্সকের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে তিনি টেস্টোটারেন গ্রহণ করেছেন।
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী অভিযোগের সত্যতা প্রমানিত হলে পগবাকে কমপক্ষে চার বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে। কিন্তু যদি সে প্রমাণ করতে পারে বিষয়টিতে তার কোনো দোষ ছিল না তবে শাস্তির পরিমাণ অর্ধেকে নেমে আসবে। শক্তিবর্ধক নিষিদ্ধ দ্রব্যটি যদি সে এমন সময় গ্রহণ করতো যখন কোনো ধরনের প্রতিযোগিতা ছিল না কিংবা সেটা তার পারফরমেন্সে কোনো প্রভাব ফেলেনি তবে নিষেধাজ্ঞার সময় সীমিত হয়ে যাবার সম্ভাবনা থাকতো।
নমুনার পরীক্ষার ফলাফল ইতিবাচক আসার পর থেকেই পগবা জুভেন্টাসের অনুশীলনে অনুপস্থিত আছেন। ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর ২০২২ সালের জুলাইয়ে তিনি তুরিনের ক্লাবটিতে ফিরেছিলেন।
পগবা ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন। ওই দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়েও খেলেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২০ হয়ে জাতীয় দলে ঢোকেন এই মিডফিল্ডার। লেস ব্লুজদের জার্সিতে খেলেছেন ৯১ ম্যাচ।
পগবার নিষেধাজ্ঞার সম্ভাবনা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করেন, পগবাকে যদি চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটে যাবে।
অন্যদিকে, পগবার প্রতিনিধিরা দাবি করেছেন, পগবা কোনো দোষ করেননি। তিনি শুধুমাত্র তার চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করেছিলেন।
বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়, তা এখন দেখার বিষয়। তবে নিষেধাজ্ঞার সম্ভাবনা পগবাকে এবং ফুটবল বিশ্বকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।







