মহিষাদল: দীর্ঘ প্রায় দুই বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি— আর সেই ক্ষোভেই বুধবার সকালে গেঁওখালি জল প্রকল্পের মূল গেটের সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে অবস্থান-বিক্ষোভে বসেন প্রকল্পের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, শেষবার সিওডি হয়েছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। তারপর থেকে বহুবার লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়েই তাই রাস্তায় নামতে হয়েছে তাদের।
বিক্ষোভকারীদের দাবি, পরিষেবা বন্ধ না রেখে কাজ চালিয়েই তারা প্রতিবাদ করছেন, কারণ এলাকার মানুষ যাতে অসুবিধায় না পড়েন। তবু দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামতে হবে— এমন সাবধানবাণীও শোনালেন উপস্থিত শ্রমিকরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও বাস্তবে বেতন বৃদ্ধি বা বকেয়া সিওডি নিয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের কোনও কার্যকর পদক্ষেপ নেই।
শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “শ্রমিকদের দাবি সম্পূর্ণ ন্যায্য। তাদের বেতন বৃদ্ধি ও সিওডি নিয়ে উচ্চপর্যায় বৈঠকও হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি কেন— তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা জরুরি।” বিধায়কের এই মন্তব্যে স্পষ্ট, দলের ভিতরেও বিষয়টি নিয়ে অসন্তোষ রয়েছে।
অন্যদিকে বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তার অভিযোগ, “তৃণমূল মানেই কাটমানির সরকার। শ্রমিকদের প্রকৃত বেতন প্রকল্পে পৌঁছচ্ছে না বলেই আজ এই পরিস্থিতি।”
ফলে গেঁওখালি জল প্রকল্পকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে মহিষাদল। স্থানীয় মানুষও উদ্বিগ্ন— দীর্ঘ টানাপোড়েনে জল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।







