পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাতের কারণে আটকে পড়েন প্রায় ১২১৭ জন পর্যটক। বুধবার রাতে পর্যটকদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই উদ্ধার অভিযানে তাদের লক্ষ্য ছিল নিরাপদে সবাইকে উদ্ধার করা। তা তারা করতে পেরেছেন।
অন্যদিকে সরকারি আধিকারিকরা গ্যাংটক থেকে সতেরো মাইলের দিকে যাচ্ছেন।সেখানে থেকে পর্যটকদের গ্যাংটকে সরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে। এইসব পর্যটকদের মধ্যে বয়স্ক, শিশু ও মহিলারাও রয়েছেন। প্রতিকূল আবহাওয়া এবং তুষারপাতের কারণে পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় তারা আটকে পড়েছিলেন।
দেশ – বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পুর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। বুধবারও তারা পুর্ব সিকিমের উচু জায়গায় ঘুরতে যান। আচমকাই প্রবল তুষারপাত শুরু হয়। ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটক বোঝাই চার চাকার গাড়ি গুলি সেই তুষারপাতে আটকে পড়ে। মূহুর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলো।
পর্যটকরা জানিয়েছেন, তাঁরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, হয়ত তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না। এভাবে আটকে পড়ে ঠান্ডায় জমে যাবেন। তখনই দেব দূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা।
ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস উদ্ধার অভিযান পরিচালনা করেছে। যা শেষ করতে বুধবার গভীর রাত হয়ে যায়। আটকে পড়া সব পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া ছাড়াও, তাদের আশ্রয়, গরম পোশাক, চিকিত্সা সহায়তা এবং গরম খাবার-সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয় বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। পর্যটকদের থাকার বন্দোবস্ত করতে সেনাবাহিনীর ব্যারাক খালি করে দেওয়া হয়।







