বাংলা , বাঙালি , বাংলা ভাষার প্রতি বরাবরই ভালোবাসা দেখিয়ে এসেছেন । বাংলায় আসার পরেই , নিয়েছিলেন হাতেখড়িও । কিন্তু এবার দেখালেন বাংলার ভোটার হওয়ার আগ্রহও। এনুমারেশন ফর্ম দেওয়ার একেবারে শেষ লগ্নে , এ রাজ্যের ভোটার হওয়ার আগ্রহ দেখালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এদিন বাংলার ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল বলেন , “এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবী বোস। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই।”
বৃহস্পতিবার, চৌরঙ্গী বিধানসভার ১৬২-র ৩৮ নম্বর পার্টের ৪৫ নম্বর ওয়ার্ডের বিএলও গৌরাঙ্গ মালাকার পৌঁছে যান রাজ্যপালের কাছে। সঙ্গে যান সুপারভাইজার অশোক তিওয়ারি ও জয়ন্ত ঘোষ। গৌরাঙ্গ মালাকার জানান , “রাজ্যপালকে এর আগে আমরা সমস্ত ফর্ম দিয়ে গিয়েছি। উনি নতুন ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম আমরা আজ গ্রহণ করতে এসেছি।”







