গতমাসেই ১০০ দিনের টাকা সহ রাজ্যের বহু বকেয়া টাকা মেটানোর আর্জি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় দিল্লির কৃষি ভবনের সামনে ধর্নায় বসে কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন।
তবে ১০০দিনের বকেয়া টাকা না পাঠালেও সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা পাঠানো হয়েছে তবে তা বরাদ্দ হয়েছে শিক্ষাখাতে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, চলতি বছরে সমস্ত শিক্ষা মিশন খাতে মোট ১৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই অর্থ মোট আটটি দফায় পাবে রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্য সরকারকে দেওয়া হয়েছে ২০০ কোটি টাকা।
সূত্রের খবর শিক্ষা খাতে পরিকাঠামোগত কাজ করার জন্যই বরাদ্দ হয়েছে এই টাকা। শিক্ষা মিশনের নানান প্রকল্প যেমন কম্পোজিট অনুদান, পার্শ্ব-শিক্ষকদের বেতন, গ্রন্থাগার অনুদান, ল্যাবরেটরি অনুদান ইত্যাদি।







