শনিবারের বারবেলায় প্রৌঢ়াকে ধাক্কা মেরে ফেলে তারপরেই সোনার চেন ছিনিয়ে বাইকে করে পালালো দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেপ্তার দুষ্কৃতীরা। উদ্ধার চুরি যাওয়া সোনার চেনও। রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হল।
জানা গেছে, দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীতে শোভারানী মুখোপাধ্যায় নামের এক প্রৌঢ় পথ সারমেয়কে খাবার দিচ্ছিলেন। তখনই বাইককে করে তিনজন দুষ্কৃতি আসে। বাইক থেকে নেমে এক দুষ্কৃতি শোভারানী দেবীকে ধাক্কা মারে। রাস্তার উপর মুখ থুবড়ে পড়েন তিনি। তিনি চিৎকার করতেই গলায় থাকা প্রায় এক ভরি সোনার চেন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। দুষ্কৃতীরা যখন ওই সোনার চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে যায় তখনই তাদের পাকড়াও করে ফেলে। গ্রেপ্তার করা হয় সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লীর শিব প্রসাদ, আদিত্য মন্ডল ও ইস্যু রাম নামের তিন দুষ্কৃতীকে।
শোভারানী মুখোপাধ্যায় বলেন, “আমি কুকুরকে খাবার দিতে বাড়ির বাইরে বেরিয়ে ছিলাম। তখনই একটি বাইকে করে তিনজন এসে আমার সামনে দাঁড়ালো। একজন বাইক থেকে নেমে আমার গলাটি ধরল। তারপরেই সোনার চেনটি ছিড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে পালালো। আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম। পুলিশ যদিও আমার সোনার চেইন উদ্ধার করে দিয়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই।”
কোক ওভেন থানার পুলিশের প্রশংসায় স্থানীয় বাসিন্দারাও।







