গত বৃহস্পতিবার রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচনে বৈঠক শেষ হলো। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যদিও এদিনের এই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। অনেক আগেই বৈঠকে না থাকার কথা তিনি জানিয়ে দিয়েছিলেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের আগের দিনই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘লোক দেখানো’ এই বৈঠকে তাদের কথা গ্রাহ্য হবে না। রাজ্য সরকারের দিক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই অগ্রাধিকার পায়।
উল্লেখ্য, মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হিসাবে যে যে নাম চর্চায় ছিল তার মধ্যে সবার শীর্ষে ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সরকারি ভাবে তার ঘোষণা না হলেও অন্দর মহলে সেই গুঞ্জনই শোনা যাচ্ছিল।
প্রসঙ্গত, বাসুদেব বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিব ছিলেন। সেই পদগুলি থেকে অবসর নেওয়ার পরে রাজ্যের তথ্য কমিশনারও হয়ে ছিলেন তিনি। ফলে তাঁর এই পুরনো অভিজ্ঞতা মানবাধিকার কমিশনে যথেষ্ট কার্যকরী হবে বলেই প্রশাসনের একাংশের মত।
এই বিষয় নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘এখানে যাঁদের মধ্যে বেছে নেওয়ার কাজ হবে, সেই তালিকায় রয়েছেন মাত্র তিন জন। সেই তালিকায় এমন এক জন রয়েছেন, যিনি মুখ্যমন্ত্রীর চোখের মণি। যাঁকে পশ্চিমবঙ্গের তথ্য কমিশনার নিয়োগ করা হয়েছিল। এ বার তাকে পুর্নবাসন দিয়ে রাজ্যের মানবাধিকার কমিশনে নিয়ে আসা হচ্ছে।’ তার এই মন্তব্য যে মুখ্যসচিব বাসুদেবকে কেন্দ্র করেই তা বেশ স্পষ্ট।







