বলিউডে তাঁর উপস্থিতি বাড়লেও, বাংলা সিনেমায় টোটা রায়চৌধুরীকে এখন তেমন দেখা যায় না, এই নিয়ে দীর্ঘদিন ধরেই আক্ষেপ টলিউডে এবং তাঁর অনুরাগীদের মধ্যেও। প্রতিম গুপ্তের ‘চালচিত্র’-এর পর অবশেষে ফের বাংলা ছবিতে ফেরার সম্ভাবনা তৈরি হল অভিনেতার। শুক্রবার টলিপাড়ায় শোরগোল। পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘অনন্ত সিংহ’-এ অভিনয় করতে পারেন টোটা।
সংবাদ সংস্থার তরফ থেকে যোগাযোগ করা হলে টোটা বলেন,”সদ্য চিত্রনাট্য পড়েছি। ভালো লেগেছে। কিন্তু অভিনয় করব কি না এখনও ভেবে উঠতে পারিনি।” টোটা যদি অভিনয়ে রাজি হন, তবে এই প্রথমবার তিনি পর্দা ভাগ করবেন জিতের সঙ্গে। এর আগে তাঁকে দেবের সঙ্গে একাধিক সফল ছবিতে দেখা গিয়েছে। তবে আরও এক গুঞ্জন ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, ‘অনন্ত সিংহ’-এর মূল চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়ের কথা। কিন্তু টানা শুটিংয়ের ব্যস্ততায় তিনি সময় দিতে পারছেন না। ফলে সেই চরিত্রেই ভাবা হচ্ছে টোটাকে।
অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ছবিটি স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনী অবলম্বনে, যেখানে এক বলিষ্ঠ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের কথা ছিল আবীরের। উল্লেখ্য, পুজোয় মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’-তেও পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, টোটা ইতিমধ্যেই ‘স্পেশাল অপস ২’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ পুলিশ বা জেলারের মতো কর্তৃত্বশালী চরিত্রে নজর কেড়েছেন। সব ঠিক থাকলে ছবির শুটিং শুরু হতে পারে অক্টোবরে, পুজোর পরপরই। নায়িকা হিসেবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জানা যাচ্ছে, কলেজ থেকে নতুন মুখ খোঁজা হচ্ছে জিতের বিপরীতে।







