দিল্লিতে ১৭ তারিখ থেকেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের বিশেষ বৈঠক। এদিন দুপুরে তিনি সাক্ষাত্ করলেন শিবসেনা ( ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে। আর নিয়ে ওয়াকিবহাল মহলের ধারণা জোটের বৈঠকের আগেই এই সাক্ষাত্ যথেষ্ট তাত্পর্যপূর্ণ।
দিল্লি গেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার কোনো অন্যথা হল না। মঙ্গলবার দুপুরে ওই বাড়িতেই এসে পৌঁছান শিবসেনা ( ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন আকাশ ঠাকরে এবং সঞ্জয় রাউত।
দেখা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এমনকি সঞ্জয় রাউত ও আকাশ ঠাকরেও শুভেচ্ছা বিনিময় করেন। মমতা ও উদ্ধব ঠাকরের মধ্যে আলোচনা হয় বেশ কিছু সময়। দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে দুজনেই বরাবর সরব হয়েছেন।
এমনকি এই সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সৌজন্য বিনিময় হয় দুজনের।
আগামী লোকসভা নির্বাচনের আগে গতিপ্রকৃতি ঠিক করার বিষয়েও আলোচনা হয়। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া লুণ্ঠিত হচ্ছে। একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে মোদী সরকারের। তার বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া হয়েছে। সেই সব বিষয় চর্চা হল রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে।







