রাজ্য

দক্ষিণেশ্বর মেট্রোতে খুনের পর নড়েচড়ে বসল মেট্রোরেল কর্তৃপক্ষ, নিরাপত্তায় বড় পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীকে ছুরি দিয়ে খুনের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই কড়া পদক্ষেপ নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে আর ১০০ নয়, এবার থাকবেন প্রায় ৯০০ জন আরপিএফ জওয়ান। পাশাপাশি প্রতিটি মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে।

মেট্রোরেল সূত্রে খবর, প্রত্যেক প্রবেশদ্বারে স্থায়ীভাবে বসানো হবে আধুনিক মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানিং মেশিন। যাত্রীদের সামগ্রী পরীক্ষা ও নজরদারিতে আরও জোর দেওয়া হবে।

গত শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময়ই ব্যাগ থেকে ছুরি বের করে এক ছাত্র সহপাঠীর গলায় কোপ মারে বলে অভিযোগ। আহত ছাত্রকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই অভিযুক্তকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে—ছুরি ভর্তি ব্যাগ মেট্রোর ভেতরে ঢুকল কী করে? মেটাল ডিটেক্টর ও নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকেই জানিয়েছেন, “কাল ওর সঙ্গে হয়েছে, আজ আমার সঙ্গেও হতে পারে। তাই নিরাপত্তা আরও বাড়ানো জরুরি।”

চাপের মুখে মেট্রো কর্তৃপক্ষ যে বড়সড় পদক্ষেপ নিল, তা যাত্রীদের আস্থায় ফেরাতে কতটা সফল হয়, এখন সেদিকেই নজর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.