গত ২০২২-২৩ খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ৫৩ লক্ষ ৭৬ হাজার টন ধান কিনেছিল রাজ্য সরকার। ওই ধান থেকে ২৯৭৬ টন চাল পাওয়া যেত। তার মধ্যে প্রায় ৫ হাজার টন ধান থেকে উত্পাদিত চাল পায়নি রাজ্য সরকার। বীরভূমের দু’টি ও বাঁকুড়ার একটি রাইস মিল থেকে ওই পরিমাণ প্রাপ্য চাল পাওয়া যায়নি।
সম্প্রতি ধান কেনা নিয়ে খাদ্যদপ্তরের পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণীতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই চাল উদ্ধার করার জন্য বাঁকুড়া ও বীরভূমের জেলাশাসককে খাদ্যদপ্তর বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ এবং কন্ট্রোল অর্ডার অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
খাদ্যদপ্তর সূত্রে খবর,ইতিমধ্যেই তিনটি রাইস মিলকে ‘কালো তালিকাভুক্ত’ করা মিলগুলিকে চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে কেনা ধান থেকে চাল উত্পাদনের কাজ দেওয়া হয়নি। এখন রাইস মিলগুলিকে সরকারি ধান নেওয়ার জন্য ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হয়। কী পরিমাণ ধান মিলগুলি নিচ্ছে, তার উপর ব্যাঙ্ক গ্যারান্টির টাকা নির্ভর করে। চাল না দেওয়া রাইস মিলগুলির ব্যাঙ্ক গ্যারান্টির টাকা স্বাভাবিকভাবেই বাজেয়াপ্ত করা হবে। তবে চাল পাওয়ার চেষ্টা করছে খাদ্যদপ্তর। কয়েক বছর আগে পর্যন্ত খরিফ মরশুম শেষ হওয়ার পর এর থেকে অনেক বেশি চাল বকেয়া থাকায় পুলিশে এফআইআর হয়েছে। এদিকে সাম্প্রতিক অতীতে রাইস মিল মালিক গ্রেপ্তারের ঘটনাও অনেকগুলি হয়েছে। বকেয়া চাল নিয়ে ফৌজদারি বহু মামলা বিচারাধীন থাকলেও চাল না পাওয়ায় ক্ষতি হয়েছে সরকারের। এছাড়াও ব্যাঙ্ক গ্যারান্টির ব্যবস্থা চালু করার পর থেকে রাইস মিলগুলির চাল না দেওয়ার প্রবণতা প্রায় বন্ধ হয়েছে।







