আরও একটা সিরিজ, আরও একটা জয়। এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স যতই হতশ্রী হয়ে থাকুক না কেন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজগুলিতে ভারতের দাপট অব্যাহত রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে একেবারে গ্রুপ পর্যায়ে থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হেরে সেবারের ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এরপর বিরাট কোহলি নিজে থেকেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং ভারতীয় নির্বাচকরা ভারতের নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিলেন।
তারপর থেকে গত এক বছরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে গত এক বছরে একটিও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি মেন ইন ব্লু। বিশ্বকাপের পর ঘরের মাটিতে ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে সেই যাত্রা এখনো অব্যাহত রয়েছে।







