জেলা

শান্তিপুরে এএসপি–র মন্তব্যে তুঙ্গে বিতর্ক, নারী মদ্যপান নিয়ে প্রশাসনিক মঞ্চে ক্ষোভ উগরে সমালোচনার ঝড়

নদিয়া জেলার শান্তিপুরে রাস উৎসবের আগে প্রশাসনিক বৈঠক ঘিরে তৈরি হলো উত্তাল বিতর্ক। রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদারের একটি মন্তব্য সমাজজুড়ে ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করেছে। বৈঠকে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন জেলা শাসক অনীশ দাশগুপ্ত এবং জেলা পুলিশ সুপার আশিস মৈত্রও। আর সেই মঞ্চেই মহিলাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এএসপি লালটু হালদার।

বৈঠকে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক কালীপুজোর শোভাযাত্রায় সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করেছেন মহিলা মদ্যপরা। তাঁর কথায়, “আমার বলতে লজ্জা করছে! মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। পুরুষরা বেয়াদপি করলে বাগে আনা যায়, কিন্তু মহিলাদের তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “মহিলাদের মদ্যপান বাড়লে সমাজ উচ্ছন্নে যাবে। বাড়ির মেয়েরা যদি এমন আচরণ করেন, তাহলে ভবিষ্যৎ বিপজ্জনক।”

এএসপি–র বক্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সরব আলোচনা। অনেকেই তাঁর মন্তব্যকে নারী বিদ্বেষী বলে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, একজন দায়িত্বশীল পুলিশকর্তার মন্তব্য হওয়া উচিত নিরপেক্ষ—কাউকে লিঙ্গের ভিত্তিতে হেয় করা নয়। অন্যদিকে, কিছু অংশের মত—উৎসবের শোভাযাত্রায় অতিরিক্ত মদ্যপান যে সামাজিক সমস্যার কারণ, তা পুলিশকর্তা তুলে ধরেছেন বলেই তাঁদের দাবি।

প্রশাসনিক স্তরেও নাকি শুরু হয়েছে অস্বস্তি। কর্মকর্তাদের মতে, উৎসবের নিরাপত্তায় পুলিশ-প্রশাসন যখন সক্রিয়, তখন এমন মন্তব্য পরিস্থিতিকে আরও অশান্ত করতে পারে। যদিও লালটু হালদার এখনও তাঁর মন্তব্যের ব্যাখ্যা দেননি, তবে তাঁর বক্তব্য ঘিরে যে বিতর্ক থামার নয়, তা স্পষ্ট। এখন নজর—প্রশাসন কী প্রতিক্রিয়া জানায় এবং এই বিতর্ক থেকে কী বার্তা যায় সমাজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.