অসমের দেরগাঁও, ৩ জানুয়ারি, ২০২৪: নতুন বছরের শুরুতেই পিকনিকের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অসমে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার ভোর ৫টা নাগাদ দেরগাঁও-তে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, অসমের আথখেলিয়া থেকে বালিজানে পিকনিক করতে যাচ্ছিলেন ৪৫ জন সদস্য। সকলে একই পাড়ার বাসিন্দা। পিকনিক করতে ভোর ৩টে নাগাদ তারা সবাই রওনা দিয়েছিল। গন্তব্যে পৌঁছনোর কিছুটা আগেই, দেরগাঁওতে উল্টোদিকে মারগেরিতা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সামনের অংশটি সম্পূর্ণ ভেঙেচুরে দুমড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে সরানো হয় এবং দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে একে একে যাত্রীদের উদ্ধার করে আনা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও কমপক্ষে ২৭ জন। তাদের উদ্ধার করে জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। একাধিক আহত যাত্রীর অবস্থাই সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
পুলিশের ধারণা, বাসটি দ্রুত গতিতে চলছিল বলেই দুর্ঘটনা ঘটেছে। তবে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।







