নতুন বছর শুরু হলেও কনকনে ঠাণ্ডার আমেজ থেকে বঞ্চিত আমজনতা। গত কয়েকদিনে তাপমাত্রা সামান্য কমলেও এ ঠান্ডায় অভ্যস্ত শহরবাসী। কবে পড়বে জাঁকিয়ে শীত, এই প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর। আজ কোন কোন জেলা ভিজবে, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া ? কী বলছে হাওয়া অফিস?
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর । রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী তিনদিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ থাকবে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই।







