সন্দেশখালি কাণ্ডে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল কেন ঘোষণা করেছেন না যে, এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কীভাবে হবে? প্রশ্ন বিচারপতির।
স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে স্থানীয়দের বিপুল বিক্ষোভের মুখে পড়ল ইডি ও সিআরপিএফ জওয়ান। বিক্ষোভকারীদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয় ইডি আধিকারিকদের। মাথা ফাটে দু’জন ইডি আধিকারিকের। আহতও হন বেশ কয়েকজন। মারমুখী জনতার হাতে আক্রান্ত হন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং চিত্রগ্রাহক।
গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের X হ্যান্ডেলে রাজ্যপাল ও ইডি ও সিআরপিএফ-এর শীর্ষ প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু।
ভেড়ির মাছ চাষই এখানকার মূল জীবিকা। এলাকার লোকেরা বলেন জলকর বা ঘেড়ি। সেখানে যে চিংড়ি, ভেটকি, পার্শে চাষ হয়, তা যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভেড়িকে ঘিরেই নানান ব্যবসা বসিরহাট মহকুমার আনাচে কানাচে। এর সবটাই নিয়ন্ত্রক এই শাজাহান।







