রাতভর টানা বৃষ্টিতে কার্যত ডুবল কলকাতা। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর সমান জল—এমন অবস্থায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শহরের নানা প্রান্তে তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। সেই ফাঁদেই প্রাণ গেল অন্তত সাতজনের।
নেতাজিনগরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাবু কুণ্ডু। হঠাৎই জলমগ্ন রাস্তায় ব্যালান্স হারিয়ে ভর দিয়েছিলেন এক খুঁটির গায়ে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তাঁর দেহ ভেসে থাকে রাস্তায় জমা জলের ওপরই। শর্ট সার্কিট হওয়ায় দমকলকর্মীরাও দ্রুত পৌঁছতে পারেননি।
একই চিত্র বেনিয়াপুকুরে। চিত্তরঞ্জন হাসপাতালের সামনে জলে ভরা রাস্তায় বিদ্যুতের ছোবলে প্রাণ হারান এক পথচারী। কালিকাপুরের কাছে উদ্ধার হয় বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ। পুলিশের অনুমান, তিনিও বিদ্যুতের ঝটকায় প্রাণ হারান।
বালিগঞ্জ প্লেস, মোমিনপুর, এমনকি হরিদেবপুরের এক কারখানাতেও ঘটে গিয়েছে একই মর্মান্তিক ঘটনা। জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের জীবন শেষ হয় বিদ্যুতের আঘাতে। ফলে, উৎসবের মুখে শহরে নেমেছে শোকের ছায়া।
শহরের নানা প্রান্তে এখনো জলে ডুবে রয়েছে খোলা মিটার বক্স আর ছেঁড়া তার। আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। অনেক রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে CESC।
বৃষ্টির জল থামার নাম নেই। সল্টলেক, হাওড়া-সহ লাগোয়া অঞ্চলও ভুগছে একই সমস্যায়। রেললাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটেছে।
কলকাতার মানুষ বলছেন, ইদানীং কালে এমন ভয়াবহ চিত্র শহরে দেখা যায়নি। একদিকে জল, অন্যদিকে বিদ্যুৎ—সব মিলিয়ে গোটা শহর যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।






