কলকাতা

রাজ্যে ফের খুলছে মহাদেব জুট মিল, ২৫ জুলাই থেকে কাজে ফিরবেন ৮৫০ শ্রমিক

দীর্ঘ সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে মহাদেব জুট মিল। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের উদ্যোগে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর আগামী ২৫ জুলাই থেকে মিলটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮৫০ জন শ্রমিক আবার কাজে ফিরতে পারবেন।

জানা গিয়েছে, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে বন্ধ ছিল মহাদেব জুট মিল। এই সমস্যা সমাধানের লক্ষ্যে কলকাতার নিউ সেক্রেটারিয়েটে শ্রম দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং-এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায় এবং মিলের তিনটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

দীর্ঘ আলোচনার পর সব পক্ষের সম্মতিতে আগামী ২৫ জুলাই থেকে মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকদের বকেয়া ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর।

উল্লেখ্য, এর আগেও রাজ্যে একাধিক বন্ধ জুট মিল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। বরাহনগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ, এমকো জুট মিল, চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল এবং হেস্টিংস জুট মিল-সহ একাধিক কারখানা পুনরায় চালু হওয়ার পথে। এর ফলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ফিরেছে।

রাজ্যের শ্রম দফতর জানিয়েছে, ধাপে ধাপে সব বন্ধ জুট মিল পুনরায় চালুর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার, মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মহাদেব জুট মিল চালুর সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.