রাজনীতি

‘কলঙ্কজনক’ মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বিধানসভা, স্পিকারের সঙ্গে বাগযুদ্ধে কুণাল ঘোষ

বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বুধবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারও অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অধিবেশন শুরু হতেই তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারকে জানান, আগের দিনের ঘটনা নিয়ে তাঁর কিছু বলার রয়েছে। উত্তরে স্পিকার বলেন, “আবার কী বলবেন? যা হয়েছে তা অত্যন্ত কলঙ্কজনক। আজ এ বিষয়ে কোনও আলোচনা হবে না।” স্পিকারের এই মন্তব্যের পরই আসন ছেড়ে তাঁর কাছে গিয়ে আপত্তি জানান কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, “ঘটনাটিকে কলঙ্কজনক বললেন কেন?” এই মন্তব্য ঘিরেই অধিবেশন কক্ষে উত্তেজনা আরও বাড়ে।

উল্লেখ্য, বুধবার নিজের নাম তালিকায় থাকা সত্ত্বেও বক্তব্য রাখার সুযোগ না পাওয়ার অভিযোগে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছিলেন কুণাল ঘোষ। সেই সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে তাঁকে সেদিনের জন্য সাসপেন্ড করা হয় এবং মার্শাল ডেকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল।

সেই ঘটনার প্রসঙ্গেই বৃহস্পতিবার ফের সরব হন তৃণমূল বিধায়করা। স্পিকারের ‘কলঙ্কজনক’ মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তাঁরা। কুণাল ঘোষ স্পিকারকে বলেন, বিধানসভায় ওয়াকআউট, বাদানুবাদ বা মার্শালের হস্তক্ষেপ নতুন কোনও ঘটনা নয়, তাই শুধুমাত্র আগের দিনের ঘটনাকে কলঙ্কজনক বলা ঠিক হয়নি।

স্পিকার তাঁকে নিজের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও প্রথমে অনড় থাকেন কুণাল। কিছুক্ষণ পরে অবশ্য তিনি নিজের জায়গায় ফিরে বসেন। যদিও অধিবেশন চলাকালীন একাধিকবার তাঁকে উঠে প্রতিবাদ জানাতে দেখা যায়। এদিন বিজেপি বিধায়কদের সঙ্গেও তৃণমূল বিধায়কদের বচসা বাধে। বিশেষ করে রিতেশ তিওয়ারির সঙ্গে কুণাল ঘোষের তর্ক-বিতর্ক নজর কাড়ে। বিধানসভা সূত্রে খবর, ‘ঋতব্রত তৃণমূল’-এর মুখ্য সচেতক আখরুজ্জামানকে কুণাল নাকি স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে যদি বক্তব্য রাখার সুযোগ না দেওয়া হয়, তাহলে অন্য কাউকেও তিনি সহজে বলতে দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.