সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় রাজনীতিতে। এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। অপরদিকে, বনগাঁতে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়েও হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এবার উক্ত দ দুই ঘটনার প্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালিতে শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। এখনও বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিস। এহেন পরিস্থিতিতে এই ঘটনায় সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর মন্তব্য ছিল, ‘শেখ শাহজাহান বড় মাপের একজন নেতা। তিনি দেশ ছেড়ে পালাননি। তিনি দেশের মধ্যেই রয়েছেন। এলাকার মধ্যেই রয়েছেন। এখানে বিজেপি চক্রান্ত করে ইডি, সিবিআইকে দিয়ে তাঁকে হেনস্তা করছে। আর সেটা রুখে দিয়েছে সাধারন মানুষ।’
সন্দেশখালি ও বনগাঁকাণ্ডের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবীদের একাংশ। পরবর্তীতেই মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি।







