সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সোমবার দীর্ঘ ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। সকাল সাড়ে ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির হওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ তিনি বাইরে বেরিয়ে আসেন।
জেরা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন ঘোষ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, ইডি তাঁর কাছে আয়কর ও আর্থিক সংক্রান্ত কিছু নথি চেয়েছিল। সেই সমস্ত কাগজপত্র তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে তাঁকে ফের ডাকা হতে পারে।
বহুল চর্চিত পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার রথীন ঘোষকে তলব করেছিল ইডি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বারবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সোমবার তিনি সশরীরে তদন্তকারীদের মুখোমুখি হন।
তদন্তকারী সংস্থার দাবি, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন রথীন ঘোষের সুপারিশে বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একই মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি, যা এই তদন্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর খাদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন রথীন ঘোষ। কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার পরও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর নাম বারবার উঠে এসেছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মধ্যমগ্রাম কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হওয়ার পর ফের তাঁকে তলব করে ইডি।
সূত্রের খবর, সোমবারের জেরায় রথীন ঘোষের বয়ান বিস্তারিতভাবে নথিবদ্ধ করা হয়েছে এবং তাঁর আয় ও সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথিও সংগ্রহ করা হয়েছে। এখন তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের।







