দেশ জুড়ে শ্রদ্ধার সাথে প্রতিবছরই ১২ই জানুয়ারি দিনটি পালিত হয়, স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে। যা যুব দিবস হিসেবেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। আর প্রতিবছরই বিভিন্ন ব্যাতিক্রমি ভাবনা ও কর্মসূচীর মাধ্যমে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার উদ্যোগে।
এ বছরও একই ভাবে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস উপলক্ষে ১২ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় যুব দিবস ও যুব সপ্তাহ পালনের উদ্যোগী হয়েছে,রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফে। শুক্রবার সকালে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যার শুভ সূচনা হয়।
১২ই জানুয়ারী সকালে স্বামীজীর শুভ জন্মক্ষণে করা হয় মঙ্গলশঙ্খধ্বনি। এরপর সকাল আটটায় শ্রীমন মহাপ্রভু , ঠাকুর, মা ও স্বামীজীর ছবি, ট্যাবলোসহ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়, যা নবদ্বীপ শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন।
এদিনের এই অনুষ্ঠানে অংশ নেয় নয় শতাধিক স্বামী বিবেকানন্দ অনুরাগী ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট ও সাধারণ মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সভাপতি ডঃ শিহরণ চক্রবর্তী, সহ-সভাপতি সব্যসাচী মন্ডল, সহ-সম্পাদক সন্দীপ পাল প্রমুখ।







