কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত-পাকিস্তান সংঘর্ষে শহিদ সেনাদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসরা গ্রাম পঞ্চায়েতের গোপালহাজরা গ্রাম। তীব্র রাজনৈতিক বিরোধে রূপ নেয় এই ঘটনার জেরে। মারামারিতে আহত হয়েছেন অন্তত ছয়জন। ভাঙচুর হয়েছে একটি বাড়ি। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। শীতলা পূজার শেষ দিনে বিনয় দোলুই নামে এক যুবক মাইকে ঘোষণা করেন, কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারত-পাকিস্তান সংঘর্ষে শহিদ জওয়ানদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হবে। অনেকেই সেই আহ্বানে সাড়া দিলেও, তৃণমূল সমর্থক ও নেতাদের একাংশ এর তীব্র বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, গ্রামীণ পুজোয় জাতীয় রাজনীতি টেনে আনা অনুচিত।
এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয় বচসা, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হন ছয়জন। অভিযোগ, এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাইসরা পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোয় বাধা দিয়ে তৃণমূলের একাংশ অশান্তি ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, পুজোর মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
এই ঘটনা আবারও দেখাল, জাতীয় আবেগ ও স্থানীয় রাজনীতির সংঘাত কিভাবে অশান্তির রূপ নিতে পারে। তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।







