আজ থেকেই এক্কেবারে ভোলবদল হয়ে যাবে আবহাওয়ার। মঙ্গলবারও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। কিন্তু আজ বেলা বাড়ার সাথে সাথেই চড়তে থাকবে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তিলোত্তমায়। উত্তরবঙ্গে অবশ্য রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ .৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। সকালে ঘন কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ থাকবে মেঘলা।আগামী ২ দিনে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। এ দিকে, ঠান্ডা কমলেও ঘন কুয়াশা আচ্ছন্ন বাঁকুড়া। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকল শহরের পুর্ব থেকে পশ্চিম। কুয়াশার ঘনত্ব এতটাই রয়েছে যে কয়েক ফুট দুরের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়ে ট্রেন চলাচল ও সড়ক পরিবহনেও।
বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃষ্টি হতে পারে বিকালের দিকে। ১৮ তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ১৯ তারিখ থেকে বৃষ্টির ঝাঁঝ কিছুটা হলেও কমবে। শুক্রবার ভিজবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। তবে ২০ তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। বন্ধ হবে বৃষ্টি।অন্যদিকে দার্জিলিঙে তুষারপাত হবে। এছাড়াও ,তাপমাত্রা ক্রমশ বাড়তেই কমবে শীতের দাপট।







